প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১১:৪৬ AM

রাজধানীর বাজারে চালের বাড়তি দাম এখনো কমেনি। নাজিরশাইল ও মিনিকেট চাল কিনতে কেজিতে আগের তুলনায় ১ থেকে ৪ টাকা বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের। প্রায় তিন সপ্তাহ আগে দাম বাড়লেও এখনো সেই বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল। তবে গত ১৫ দিনে ব্রয়লার ও সোনালি মুরগির পাশাপাশি ফার্মের ডিমের দাম কমেছে। বৃহস্পতিবার রাজধানীর উত্তরা ও খিলক্ষেত বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে প্রতি কেজি মিনিকেট চাল ৬৫ টাকা এবং মানভেদে কিছু চাল ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা কেজি, যা ১৫ দিন আগে ছিল ১৯০ থেকে ২০০ টাকা। সোনালি মুরগির দাম কমে হয়েছে ৩১০ থেকে ৩২০ টাকা এবং কালারবার্ড ২৭০ থেকে ২৮০ টাকা। বাদামি রঙের ফার্মের ডিমের ডজন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়, যা দুই সপ্তাহ আগে ছিল ১০ টাকা বেশি। ব্যবসায়ীদের ভাষ্য, শীতের মৌসুমে চাহিদা কমা ও উৎপাদন বাড়ায় মুরগি-ডিমের সরবরাহ বেড়েছে।
মাছের বাজারে স্বস্তি নেই। রুই ও কাতলার দাম গত এক মাসে যথাক্রমে প্রায় ৭ ও ৫ শতাংশের বেশি বেড়েছে বলে জানিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। অন্যদিকে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় অধিকাংশ সবজির দাম স্থিতিশীল রয়েছে। তবে মৌসুম শেষ হওয়ায় ঢ্যাঁড়স, বরবটি, করলা ও চিচিঙ্গার দাম বেশি। নতুন আলু বাজারে এলেও কেজি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এস পি