প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২:৪৩ পিএম

গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় দেশে বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, ‘ফ্যাসিবাদী দুঃশাসনের করাল গ্রাসে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে। গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে। ১৭ বছর ফ্যাসিস্টকে টিকিয়ে রেখেছিল নব্বইয়ের স্বৈরাচাররা।’
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস উপলক্ষে ঢাকা মেডিক্যাল কলেজে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। পরে নব্বইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ ডা. মিলনের ৩৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন রিজভী।
তিনি বলেন, রাষ্ট্রের কাঠামো ও বাস্তবতা অনুযায়ী বিভিন্ন দেশে গণতন্ত্রের ধরন আলাদা। ১৯৭১, ৭ নভেম্বর, ১৯৯০ ও জুলাইয়ের আন্দোলনের চেতনা পরস্পরকে প্রভাবিত করেছে। নব্বইয়ের গণতান্ত্রিক চেতনা জুলাই আন্দোলনকেও প্রভাবিত করেছে বলে মন্তব্য করেন তিনি। রিজভীর ভাষ্য, নিরপেক্ষ বিচারব্যবস্থা, গণমাধ্যম ও নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হলে ডা. মিলনের আত্মত্যাগ সার্থক হতো।
স্বদেশ প্রতিদিন/এস পি