প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৩:২৭ পিএম

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের পর ৩৩ হাজার ৩৪৯টি খাতার ফলে পরিবর্তন এসেছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার পর দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে এ ফল প্রকাশ করে। আগে অকৃতকার্য হওয়া কতজন শিক্ষার্থী নতুন করে পাস করেছেন এবং কতজন জিপিএ-৫ পেয়েছেন, তা বোর্ডভিত্তিক বিস্তারিত ফল থেকে জানা যাবে।
এবারই প্রথম উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়নের সুযোগ চালু করা হয়েছে। ফলে নম্বর গণনা বা যোগ-বিয়োগের ভুল সংশোধনের পাশাপাশি উত্তরপত্রের মূল্যায়নও নতুন করে পর্যালোচনা করা হয়েছে। গত ৩১ অক্টোবর প্রকাশিত মূল ফলে ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ; জিপিএ-৫ পেয়েছিলেন ৪০ হাজার ৮৪ জন।
গত ১ থেকে ৮ নভেম্বর পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হয়। আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ১১টি বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী আবেদন করেন। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য জমা পড়ে। নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইট এবং আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে খুদে বার্তার মাধ্যমে ফল জানা যাচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এস পি