প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:২১ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার নিরাপত্তার ঝুঁকি। এ পরিস্থিতিতে নেটওয়ার্কের কার্যক্ষমতা বাড়ানো এবং সাইবার হামলা মোকাবিলায় নতুন প্রযুক্তি চালু করেছে যুক্তরাজ্যভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস। নতুন উদ্যোগের আওতায় প্রতিষ্ঠানটি এনেছে সফোস ফায়ারওয়াল ভি২৩, নতুন এক্সজিএস হার্ডওয়্যার এবং নেটওয়ার্ক ডিটেকশন অ্যান্ড রেসপন্স (এনডিআর) সমাধান। সফোসের দাবি, এসব প্রযুক্তির মাধ্যমে এআই সেবার ব্যবহার নিয়ন্ত্রণ, নিরাপদে তথ্য আদান-প্রদান এবং সাইবার হুমকি দ্রুত শনাক্ত ও মোকাবিলা করা যাবে।
সফোসের ২০২৬ সালের ‘স্টেট অব র্যানসমওয়্যার’ প্রতিবেদন অনুযায়ী, র্যানসমওয়্যার হামলার ৬১ শতাংশ ঘটনায় তথ্য এনক্রিপ্ট হওয়ার আগেই ফায়ারওয়াল থেকে সতর্কবার্তা পাওয়া গেছে। নতুন প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন নিরাপত্তা সমাধানের মধ্যে তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানের সুযোগ তৈরি হবে। এ ছাড়া ফায়ারওয়াল ভি২৩ সংস্করণে যুক্ত হয়েছে এআই সেবার ব্যবহার পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের সুবিধা। নতুন এআই অ্যাসিস্ট্যান্ট নিরাপত্তাব্যবস্থার সেটিংস বুঝতে এবং ফায়ারওয়ালের নিয়ম তৈরিতে প্রশাসকদের সহায়তা করবে।
নেটওয়ার্কের নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা বাড়াতে হার্ডওয়্যারভিত্তিক নতুন প্রযুক্তিও যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। সফোসের দাবি, এর ফলে নেটওয়ার্কের কোনো সমস্যা আগের তুলনায় ১৩ গুণ দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। আগে এ ধরনের সমস্যা শনাক্ত করতে প্রায় চার সেকেন্ড লাগলেও নতুন প্রযুক্তিতে সময় লাগবে মাত্র ৩০০ মিলিসেকেন্ড। ফায়ারওয়াল, এনডিআর, ওয়ার্কস্পেস প্রোটেকশন, ওয়্যারলেস ও সুইচ নেটওয়ার্কের সমন্বয়ে পুরো নেটওয়ার্ক অবকাঠামো আরও কার্যকরভাবে পরিচালনার সুযোগ তৈরি হবে।
স্বদেশ প্রতিদিন/এস পি