প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ২:১৭ পিএম

মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে ঢাকার আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টার দিকে জিরাবো-বিশমাইল সড়কের কাঠগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, মজুরি বৃদ্ধির আন্দোলনে একাত্মতা জানিয়ে কাঠগড়া এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। একপর্যায়ে কারখানাগুলো ছুটি ঘোষণা করা হলে সকাল পৌনে ১১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, পরিস্থিতি এখন শান্ত ও স্বাভাবিক রয়েছে। কিছু শ্রমিক কাঠগড়া এলাকার চালু পোশাক কারখানাগুলোতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশসহ অন্যান্য বাহিনী মোতায়েন রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি