প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ২:৫৫ পিএম

বলিউড অভিনেতা সাইফ আলি খান, অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনসহ একাধিক তারকাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)। বিষ্ণোই গ্যাং, খালিস্তানপন্থি জঙ্গিগোষ্ঠী ও বেনামি সূত্র থেকে বিভিন্ন সময়ে তারকারা হুমকি পেয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কারও বাড়িতে গ্রেনেড হামলা, আবার কাউকে অর্থ দাবি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে।
এ পরিস্থিতিতে বলিউড তারকাদের নিরাপত্তা জোরদার এবং মুম্বাইকে গ্যাংস্টারমুক্ত করার দাবিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের কাছে চিঠি পাঠিয়েছে সংগঠনটি। শুক্রবার পাঠানো ওই চিঠির অনুলিপি মুম্বাই পুলিশ কমিশনার দেবেন ভারতির কাছেও দেওয়া হয়েছে। সংগঠনটির সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্তা চিঠিতে উল্লেখ করেন, তারকাদের পাশাপাশি বিনোদনশিল্পের সঙ্গে যুক্ত লাখো কর্মী, শিল্পী, টেকনিশিয়ান ও সেটকর্মীদের জীবিকাও হুমকির মুখে পড়তে পারে।
চিঠিতে সাইফ আলি খান, অমিতাভ-অভিষেক বচ্চন ও তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, মুম্বাইয়ের সব চলচ্চিত্র ব্যক্তিত্বকে সুরক্ষা দেওয়া, শুটিংয়ের স্থানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন এবং গ্যাংস্টার ও তাদের নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াসহ পাঁচটি দাবি জানানো হয়েছে। তারকারা যেন ভয় ছাড়াই মুম্বাইয়ে চলাফেরা ও কাজ করতে পারেন, সে পরিবেশ তৈরির আহ্বানও জানিয়েছে সংগঠনটি।
স্বদেশ প্রতিদিন/এস পি