প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৫:৪৪ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রযুক্তি খাতে মেটার অবকাঠামো গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সন্তোষ জনার্ধন প্রতিষ্ঠানটির অবকাঠামো বিভাগের প্রধানের পদ ছাড়ছেন। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন ডেভ ব্রাউন। তবে দায়িত্ব হস্তান্তরের কাজ শেষ করতে আপাতত মেটায় থাকবেন জনার্ধন। পরে তিনি প্রতিষ্ঠানটির ‘মেটা কম্পিউট’ উদ্যোগে উপদেষ্টা হিসেবে কাজ করবেন। আগামী বছর তাঁর মেটা ছাড়ার কথা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র।
২০০৯ সালে মেটায় যোগ দেন জনার্ধন। এরপর দীর্ঘ সময় প্রতিষ্ঠানটির প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তোলা ও সম্প্রসারণে নেতৃত্ব দেন তিনি। চলতি বছরের শুরুতে মেটার অবকাঠামো বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেওয়া ডেভ ব্রাউন এর আগে প্রায় ১৯ বছর অ্যামাজনে কাজ করেছেন। সেখানে কম্পিউটিং, ক্লাউড প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
সম্প্রতি ব্লুমবার্গ মেটার অভ্যন্তরীণ একটি স্মারকলিপির বরাত দিয়ে জনার্ধনের দায়িত্ব ছাড়ার খবর প্রকাশ করে। তবে কেন তিনি পদ ছাড়ছেন, তা স্মারকলিপিতে উল্লেখ করা হয়নি। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় এগিয়ে থাকতে মেটা অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়াচ্ছে। চলতি বছর জনার্ধনকে ‘মেটা কম্পিউট’ উদ্যোগের নেতৃত্ব দেওয়া হয়। ডেটা সেন্টারে বিনিয়োগ ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো এই উদ্যোগের মূল লক্ষ্য।
স্বদেশ প্রতিদিন/এস পি