প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১১:৫৮ AM

ইউটিউব থেকে বিজ্ঞাপনের মাধ্যমে আয় করতে নতুন কনটেন্ট নির্মাতাদের জন্য যোগ্যতার শর্ত কঠোর করা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, বিজ্ঞাপনের আয়ের অংশ পেতে চ্যানেলে অন্তত এক হাজার সাবস্ক্রাইবারের পাশাপাশি নির্দিষ্ট পরিমাণ ওয়াচ আওয়ার অথবা শর্টস ভিডিওতে ভিউ থাকতে হবে। আগামী ১ ফেব্রুয়ারি ২০২৭ থেকে এ নিয়ম কার্যকর হওয়ার কথা জানিয়েছে যুগান্তরের প্রতিবেদনে।
নতুন শর্ত অনুযায়ী, গত ৩৬৫ দিনে অন্তত ৮ হাজার ঘণ্টা যোগ্য ওয়াচ আওয়ার অথবা গত ৯০ দিনে শর্টস ভিডিওতে অন্তত ২ কোটি যোগ্য ভিউ থাকতে হবে। পাশাপাশি চ্যানেলে কমপক্ষে এক হাজার সাবস্ক্রাইবার থাকা বাধ্যতামূলক। আগের নিয়মে এক বছরে ৪ হাজার ঘণ্টা ওয়াচ আওয়ার অথবা ৯০ দিনে শর্টস ভিডিওতে ১ কোটি ভিউ হলেই বিজ্ঞাপন থেকে আয়ের যোগ্যতা অর্জন করা যেত। অর্থাৎ ওয়াচ আওয়ার ও শর্টস ভিউয়ের লক্ষ্যমাত্রা দ্বিগুণ করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত নির্মাতাদের আয়ে এ পরিবর্তনের প্রভাব পড়বে না। মূলত নতুন নির্মাতাদের জন্যই নিয়মটি প্রযোজ্য হবে। তবে নিয়ম কঠোর করার বিষয়ে ইউটিউবের নির্দিষ্ট কারণ জানানো হয়নি। নতুন শর্তের ফলে ইউটিউবে আয় করতে আগ্রহীদের কনটেন্টের মান ও দর্শকসংখ্যা বাড়ানোর দিকে আরও বেশি মনোযোগ দিতে হবে।
স্বদেশ প্রতিদিন/এস পি