প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১:৩৫ পিএম

ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হওয়ায় দেশে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমে আসবে। আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুরুতে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শনিবার (২১ নভেম্বর) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রোববার (২২ নভেম্বর) রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং অন্য বিভাগগুলোর কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। রোববার দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
মঙ্গলবার ও বুধবার (২৫ নভেম্বর) দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মঙ্গলবার রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বুধবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার আভাস দিয়েছে অধিদপ্তর। পাঁচ দিন পরও আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি