প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৭:১৯ পিএম

সংগৃহীত ছবি
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৪৭৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৬২টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে জানানো হয়, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগ ১২৭ জন, ওয়ারী বিভাগ ৭৪ জন, তেজগাঁও বিভাগ ৭১ জন, লালবাগ বিভাগ ৫৮ জন, উত্তরা বিভাগ ৫১ জন, মতিঝিল বিভাগ ৩৯ জন, রমনা বিভাগ ২৯ জন, গুলশান বিভাগ ২৩ জন, গোয়েন্দা বিভাগ ৫ জন এবং এসআরইউ ১ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারদের মধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. ওমর ছানিও রয়েছেন। উত্তরা পশ্চিম থানা এলাকার ৭ নম্বর সেক্টরের উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে ১৪ কেজি ৪৫ গ্রাম গাঁজা, ১ হাজার ৬৩৩ পিস ইয়াবা, ২.৫ গ্রাম হেরোইন, ৫টি মোবাইল ফোন, ৩ পাতা স্ক্রিনশট, ১৭টি বাইসাইকেল, মাদক বিক্রির ৪৭ হাজার ৯০ টাকা, ২টি বিস্ফোরিত স্মোক বোমার খোসা ও ৮টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।