তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল ও মানবিক হিসেবে গড়ে তুলতে হবে : ড. এম এ কাইয়ুম
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৬:০৫ পিএম

সংগৃহীত ছবি
সুশৃঙ্খল ও মানবিক মূল্যবোধসম্পন্ন তরুণ সমাজ গঠনে অভিভাবক ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম।
তিনি বলেন, শিক্ষার্থীদের জীবনের শুরুতেই শৃঙ্খলাবোধ ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে পারলে তা ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ক্ষেত্রে অভিভাবক ও শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আজ রাজধানীর বাড্ডায় অবস্থিত গুলশান কমার্স কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক ড. এম এ কাইয়ুম বলেন, আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার অন্যতম কারিগর হলেন শিক্ষকরা। তাঁদের হাত ধরেই একটি শিক্ষিত, সচেতন ও সমৃদ্ধ জাতি গড়ে ওঠে। তাই শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজের একটি অংশের মধ্যে মানবিক মূল্যবোধ ও শৃঙ্খলাবোধের ঘাটতি দেখা যাচ্ছে। অনেক তরুণ ভুল পথে পরিচালিত হচ্ছে, যা সমাজের জন্য উদ্বেগজনক। এ পরিস্থিতি থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে অভিভাবক, শিক্ষক ও সচেতন সমাজের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে নিজেদের সুশৃঙ্খল, দায়িত্বশীল ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করতে হবে। শিক্ষাজীবনে অর্জিত শৃঙ্খলা ও ভালো অভ্যাস ভবিষ্যৎ জীবনের পথচলাকে সহজ করবে।
এ সময় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় গুলশান কমার্স কলেজের শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানান ড. এম এ কাইয়ুম। পাশাপাশি নতুন শিক্ষার্থীদের কলেজজীবনে স্বাগত জানিয়ে তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।