প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৬:৫৫ পিএম

সংগৃহীত ছবি
ফেনী ও চট্টগ্রাম সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুই দিনের অভিযানে জব্দ করা এসব মালামালের মোট সিজার মূল্য ২৬ লাখ ৪৭ হাজার ২০০ টাকা।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর মধুগ্রাম, তারাকুচা ও চম্পকনগর বিওপির বিশেষ টহল দল ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ২২০ পিস ভারতীয় শাড়ি ও ৮১ পিস ভারতীয় লেহেঙ্গা জব্দ করা হয়। এসব মালামালের সিজার মূল্য ২৫ লাখ ৯ হাজার টাকা।
অন্যদিকে, শনিবার (১৪ নভেম্বর) চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্ত এলাকায় একই ব্যাটালিয়নের অলিনগর বিওপির বিশেষ টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩০ কেজি গাঁজা ও ৮৩ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করে। এসব মাদকের সিজার মূল্য ১ লাখ ৩৮ হাজার ২০০ টাকা।
বিজিবি জানায়, জব্দকৃত ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের কাছে এবং মাদকদ্রব্য স্থানীয় থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।