প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১০:২৪ AM

রাজধানীর বাজারে বিক্রি হওয়া শাক-সবজিতে সহনীয় সীমার কয়েক গুণ বেশি সিসা ও ক্যাডমিয়ামের উপস্থিতি পেয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। একই সঙ্গে বিভিন্ন নমুনায় ই-কোলাই, ফিকাল কলিফর্ম ও সালমোনেলার মতো ক্ষতিকর জীবাণুও শনাক্ত হয়েছে। কর্তৃপক্ষের ২০২৪-২৫ অর্থবছরের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বিভিন্ন বাজার ও এলাকা থেকে সংগ্রহ করা নমুনায় সিসার পরিমাণ পাওয়া গেছে প্রতি মিলিয়নে ১ দশমিক ১৬ থেকে ২ দশমিক ৩৭ ভাগ (পিপিএম)। শাক-সবজিতে সিসার গ্রহণযোগ্য মাত্রা ০ দশমিক ৩ পিপিএম। অর্থাৎ, সর্বোচ্চ পাওয়া মাত্রা সহনীয় সীমার প্রায় আট গুণ।
অনুসন্ধানে দেখা গেছে, রাজধানীর আশপাশের বিভিন্ন এলাকায় অনেক কৃষক কীটনাশক ব্যবহারের পর নির্ধারিত সময় অপেক্ষা না করেই সবজি সংগ্রহ করে বাজারে পাঠাচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে রাসায়নিক প্রয়োগের এক দিন পরই ফসল তোলা হচ্ছে। এ ছাড়া কম দামের নিম্নমানের বালাইনাশক ব্যবহারের প্রবণতাও রয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এক গবেষণায় বাজার থেকে সংগ্রহ করা সবজির ৮ থেকে ১২ শতাংশ নমুনায় সর্বোচ্চ সহনীয় সীমায় বালাইনাশকের অবশিষ্টাংশ পাওয়া গেছে।
বিশেষজ্ঞদের মতে, সিসা ও ক্যাডমিয়াম দীর্ঘদিন শরীরে জমলে কিডনি, যকৃৎ ও স্নায়ুতন্ত্রের ক্ষতি হতে পারে। শিশুদের মস্তিষ্কের বিকাশেও সিসা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিএফএসএর পৃথক গবেষণায় লালশাক, বেগুন, ঢেঁড়স ও টমেটোতেও সহনীয় মাত্রার বেশি ক্যাডমিয়াম পাওয়া গেছে। গবেষকদের মতে, নির্দিষ্ট কোনো সবজি বাদ দেওয়ার পরিবর্তে উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে দূষণ নিয়ন্ত্রণ ও কার্যকর নজরদারি নিশ্চিত করা জরুরি।
স্বদেশ প্রতিদিন/এস পি