প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৪:১৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১টা থেকে ২টার মধ্যে এসব বিস্ফোরণ ঘটে। এতে একটি গাড়ির চালক আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের খাবার শেষে পাশের একটি গাড়ির চালক দরজা খুলতে গেলে গাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। অনেকে দাবি করেছেন, ভবনের ওপরের দিক থেকে ককটেলটি ছোড়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল আমিন জানান, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। প্রক্টর অফিস ও থানাকেও বিষয়টি জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল বলেন, ‘এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে শিগগিরই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে।’ তবে ককটেল বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্বদেশ প্রতিদিন/এস পি