মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় আশাশুনিতে সমন্বিত উদ্যোগের আহ্বান      ● নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ হারছে না ভারত      ● নতুন সম্পর্কে অকারণে যে বিষয়গুলো নিয়ে ওভারথিংকিং হয়      ● ম্যাডোনার বায়োপিক নিয়ে অনিশ্চয়তা, যা জানালেন জুলিয়া গার্নার      ● মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি      ● পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর      ● শত্রুর রাডার ধ্বংসে ‘হরমুজ’ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান      ● নেতানিয়াহুর ঘনিষ্ঠ স্পিকারকে সরাতে চান আইজেনকোট      ● যাত্রাবাড়ী ও শেরে বাংলা নগর থানায় নতুন ওসি      ● বিশ্ব বিজ্ঞান দিবস আজ      ● শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার নেই কর্তৃপক্ষের      ● স্পেশাল ম্যারেজ অ্যাক্টে পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর      
জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় আশাশুনিতে সমন্বিত উদ্যোগের আহ্বান
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৩:৫৯ পিএম

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা এবং উপকূলীয় জনগোষ্ঠীর জন্য মানসম্মত ও জলবায়ু-সহনশীল স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সাতক্ষীরার আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।

আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার। এতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. আ. সালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনফ্যান্টস ডু মন্ডে (ইডিএম)-এর কান্ট্রি ডিরেক্টর শামীমা আক্তার শিমুল, সাতক্ষীরা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক রওশন আরা জামান, আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নজরুল এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুস সেলিম।

প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. মো. আ. সালাম বলেন, জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় রিচ প্রকল্পের বিভিন্ন উদ্যোগ উপকূলীয় অঞ্চলের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। স্বাস্থ্যশিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রশিক্ষণ, পরিবেশবান্ধব মোবাইল অ্যাম্বুলেন্স, স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের মতো উদ্যোগ প্রশংসনীয়। এসব অর্জনের ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক রওশন আরা জামান প্রত্যন্ত প্রতাপনগর এলাকায় স্বাস্থ্যকেন্দ্রভিত্তিক প্রাতিষ্ঠানিক প্রসবসেবা নিশ্চিত করতে প্রকল্পের উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে ইডিএমের কান্ট্রি ডিরেক্টর শামীমা আক্তার শিমুল কর্মশালার উদ্দেশ্য ও প্রত্যাশিত ফলাফল তুলে ধরেন। পরে রিচ প্রকল্পের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম, অর্জন ও অভিজ্ঞতা তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক মো. মাসুকুল হক মাসুক।

এ সময় প্রকল্পের এন্ডলাইন সার্ভে ও মূল্যায়নের ফলাফল উপস্থাপন করা হয়। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা, উল্লেখযোগ্য অর্জন, উদ্ভাবনী উদ্যোগ, ভালো চর্চা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, রিচ (রিডিউসিং ক্লাইমেট চেঞ্জ-ইনডিউসড হেলথ হ্যাজার্ডস অব প্রেগন্যান্ট উইমেন, চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্ট গার্লস) প্রকল্পটি সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ইএসডিওর মাধ্যমে এনফ্যান্টস ডু মন্ডে (ইডিএম)-এর সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি)-এর সহায়তায় ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল (সিএএলএল) কনসোর্টিয়ামের আওতায় পরিচালিত এ প্রকল্পের মূল লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি থেকে গর্ভবতী নারী, শিশু ও কিশোরীদের সুরক্ষা দেওয়া এবং উপকূলীয় এলাকায় জলবায়ু-সহনশীল স্বাস্থ্যসেবা ব্যবস্থা শক্তিশালী করা।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  আশাশুনি   সাতক্ষীরা   জলবায়ু পরিবর্তন   স্বাস্থ্যঝুঁকি   উপকূলীয় স্বাস্থ্যসেবা   রিচ প্রকল্প   ইএসডিও   ইডিএম   গর্ভবতী নারী   শিশু স্বাস্থ্য   জলবায়ু-সহনশীল স্বাস্থ্যসেবা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close