প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৪:০৫ পিএম

রান্নার চুলার ধোঁয়া নিয়ে প্রতিবেশীর সঙ্গে সামান্য বিরোধ। সেই বিরোধের জেরে হামলায় প্রাণ হারান গৃহবধূ জ্যোৎস্না বেগম (৩০)। প্রায় সাড়ে ১০ বছর পর সেই হত্যা মামলার রায় দিয়েছেন আদালত। এতে সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। তবে মামলার অপর চার আসামিকে খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. জহির উদ্দীন এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—রবি (৩৭), মঞ্জিল (৬৫), শহিদ (৫৫), মাহবুব (৩৫), আমিনুল (৩০), জিয়াউদ্দিন (৫৫) ও সাহাবুদ্দিন (৬০)। খালাসপ্রাপ্ত চার আসামি হলেন—আবুল কালাম, সুফিয়া আক্তার, কলি আক্তার ও নুরুন্নাহার।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার দিকে করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের জাটিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। প্রতিবেশী কলি আক্তারের রান্নার চুলার ধোঁয়া হাবিবুর রহমানের বসতঘরে প্রবেশ করছিল। এ নিয়ে তাঁর স্ত্রী জ্যোৎস্না বেগম চুলাটি অন্যত্র সরিয়ে নেওয়ার অনুরোধ করেন। একপর্যায়ে এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে আসামিরা সংঘবদ্ধ হয়ে জ্যোৎস্না বেগমের ওপর হামলা চালান।
এ সময় তাঁকে লোহার রড, কাঠের বর্গা ও লাঠি দিয়ে আঘাত করা হয়। জ্যোৎস্নাকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর আত্মীয় আয়শা আক্তারও হামলার শিকার হন। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়।
পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে করিমগঞ্জ হাসপাতালে নিয়ে যান। জ্যোৎস্না বেগমের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ২টার দিকে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্বামী হাবিবুর রহমান ১১ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার মামলার রায় ঘোষণা করেন আদালত।
স্বদেশ প্রতিদিন/এস পি