প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১০:৫৯ AM

এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে আবেদন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর)। আগামী ৭ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে ফরম পূরণ করা যাবে। পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ ৮ নভেম্বর। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে পরীক্ষা।
ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, তত্ত্বীয় প্রতি পত্র বা বিষয়ের জন্য ১২৫ টাকা এবং ব্যবহারিক প্রতি পত্র বা বিষয়ের জন্য ২৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া পরীক্ষাকেন্দ্র ফি জনপ্রতি ৪৫০ টাকা। ফি সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে সোনালী সেবার মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের অনুকূলে জমা দিতে হবে। টাকা জমার রসিদ শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।
বোর্ডের ওয়েবসাইটে সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ব্যাংকে ফি জমার ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা সক্রিয় হবে। তালিকা যাচাই করে পরীক্ষার্থীদের স্বাক্ষর নিতে হবে এবং প্রতিষ্ঠানপ্রধানকে প্রতিটি পৃষ্ঠায় স্বাক্ষর করতে হবে। নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা হবে ২০২৬ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে। অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য অনুসরণ করা হবে ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি।
স্বদেশ প্রতিদিন/এস পি