প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৫৯ AM

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন আনতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। নতুন ব্যবস্থায় নিবন্ধন পরীক্ষা ও পরবর্তী পৃথক নিয়োগ প্রক্রিয়ার পরিবর্তে তিন ধাপে সরাসরি শিক্ষক নিয়োগের সুপারিশ করার পরিকল্পনা করা হয়েছে। প্রস্তাবিত পদ্ধতিতে থাকবে ১০০ নম্বরের প্রিলিমিনারি, ১০০ নম্বরের লিখিত ও ২০ নম্বরের মৌখিক পরীক্ষা। তবে এ প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি।
প্রস্তাব অনুযায়ী, এক ঘণ্টার প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরে এক নম্বর পাওয়া যাবে এবং ভুল উত্তরের জন্য কাটা হবে শূন্য দশমিক ২৫ নম্বর। এ ধাপে উত্তীর্ণ হতে কমপক্ষে ৪০ শতাংশ নম্বর পেতে হবে। এরপর তিন ঘণ্টার ১০০ নম্বরের লিখিত পরীক্ষা এবং সবশেষে ২০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে প্রার্থীদের। লিখিত ও মৌখিক পরীক্ষার বিস্তারিত মূল্যায়ন পদ্ধতি এখনো চূড়ান্ত হয়নি।
নতুন ব্যবস্থায় আগের মতো ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ না করে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। আগামী ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি থাকলেও এর নির্দিষ্ট তারিখ ঠিক হয়নি। এনটিআরসিএর সচিব রনি রহমান সমকালকে জানিয়েছেন, নতুন নিয়োগ পদ্ধতির প্রস্তাব তৈরির কাজ চলছে। প্রস্তাবটি শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হবে। বিধিমালা সংশোধন ও অনুমোদনের পর পরীক্ষার বিজ্ঞপ্তি, যোগ্যতা, আবেদন ও সিলেবাসের বিস্তারিত জানানো হবে।
এদিকে, নিবন্ধনধারীদের নিয়োগে বৈষম্য দূর করে চাকরির সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। রোববার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মো. মনিরুল হক প্রথম থেকে দ্বাদশ নিবন্ধনধারীদের নিয়োগ, চলমান মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি এবং আগের নির্বাহী আদেশ বাস্তবায়নের দাবি জানান। সংগঠনটির অভিযোগ, বিভিন্ন গণবিজ্ঞপ্তিতে বয়সসীমা ও ভাইভা নম্বরের কারণে পুরোনো নিবন্ধনধারীরা বৈষম্যের শিকার হয়েছেন।
স্বদেশ প্রতিদিন/এস পি