প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৪ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে রাকিবুল হাসানকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. জেহাদ হোসেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তিন দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, জিজ্ঞাসাবাদে রাকিবুল হাসান বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার দেওয়া চার মিনিট ২৯ সেকেন্ডের একটি অডিও সম্প্রচার ডিভিডিতে ধারণ করে জব্দ করা হয়েছে। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে নমুনা কণ্ঠস্বরের সঙ্গে তার কণ্ঠস্বরের তুলনামূলক পরীক্ষা করতে তাকে পুনরায় পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
অন্যদিকে, আসামিপক্ষে আইনজীবী মোরশেদ হোসেন শাহিন রিমান্ড বাতিলের পাশাপাশি রাকিবুলের জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর রাতে রাকিবুল হাসানকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে মামলাটি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের সঙ্গে এক অজ্ঞাতনামা ব্যক্তির কথোপকথনের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিদ্বেষমূলক ও উসকানিমূলক মন্তব্য করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়।
অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পর তাকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে অব্যাহতি দিয়ে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ক্যান্টনমেন্ট থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়।
তবে এর আগে রাকিবুল হাসান অডিওটি তার নয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে বলে দাবি করেছিলেন।
স্বদেশ প্রতিদিন/এস পি