প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ২:৫৩ পিএম

বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ২৪’-এ অসত্য ও মানহানিকর সংবাদ প্রচারের অভিযোগে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন এক বিচারক। সোমবার (৯ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে লালমনিরহাটের সাবেক যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলাম এ আবেদন করেন। আদালত তাঁর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন।
আসামিদের মধ্যে রয়েছেন চ্যানেল ২৪-এর এমডি এ কে আজাদ, ‘সার্চলাইট’ অনুষ্ঠানের সম্পাদক ফয়সাল আলম, নির্বাহী পরিচালক জহিরুল আলম, হেড অব মাল্টিমিডিয়া রাজিব খান, অ্যাসাইনমেন্ট সম্পাদক মাকসুদ উন নবী, সিনিয়র নিউজ এডিটর তুহিন কাইয়ুম ও নিউজ রিপোর্টার জাহিদ হোসেন। বাদীর অভিযোগ, গত ৯ অক্টোবর ‘সার্চলাইট’ অনুষ্ঠানে প্রচারিত ‘মামলা আছে, নেই বাদী-সাক্ষীর খোঁজ : বিচারককে ঘিরে অনুসন্ধানে চাঞ্চল্য’ শীর্ষক প্রতিবেদনে তাঁর বক্তব্য অসৎ উদ্দেশ্যে বিকৃত করে প্রচার করা হয়। পরে ১৫ অক্টোবর তাঁকে সাময়িক বরখাস্ত করা হলে চ্যানেলটি দাবি করে, তাদের প্রতিবেদন প্রচারের পরই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মামলার আবেদনে আরিফুল ইসলাম দাবি করেন, বিভাগীয় মামলার তদন্তের স্বার্থে জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭ অনুযায়ী অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চ্যানেল ২৪-এর প্রতিবেদনের কারণে তাঁকে বরখাস্ত করা হয়েছে—এমন প্রচারিত তথ্য মিথ্যা ও মানহানিকর বলে অভিযোগ করেন তিনি। বক্তব্য বিকৃতির প্রমাণ হিসেবে আদালতে একটি পেনড্রাইভ জমা দিয়েছেন বাদী। আসামিদের বিরুদ্ধে অপরাধ আমলে নিয়ে সমন জারির আবেদনও জানিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু।
স্বদেশ প্রতিদিন/এস পি