প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:৩০ পিএম

পাবনার সাঁথিয়ায় পেঁয়াজের ভালো ফলন হলেও কম দামে বিপাকে পড়েছেন কৃষক ও মজুত ব্যবসায়ীরা। বর্তমানে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হচ্ছে এক হাজার থেকে এক হাজার ১০০ টাকায়। অথচ উৎপাদন খরচ পড়েছে প্রায় দেড় হাজার থেকে দুই হাজার টাকা। এর সঙ্গে সংরক্ষণ করা পেঁয়াজ পচে ও শুকিয়ে ওজন কমে যাওয়ায় লোকসানের আশঙ্কা বাড়ছে। সামনে নতুন মুড়িকাটা পেঁয়াজ বাজারে উঠলে দাম আরও কমতে পারে বলে উদ্বিগ্ন কৃষকরা।
উপজেলা কৃষি কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত মৌসুমে সাঁথিয়ায় ১৬ হাজার ৬৫০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৩৬ হাজার ৭৫৬ টন, তবে উৎপাদন হয়েছে ২ লাখ ৬১ হাজার ৬৪৭ টন। কৃষকদের হিসাবে, দেশি পেঁয়াজের ফলন বিঘাপ্রতি ৭০ থেকে ৮০ মণ এবং হাইব্রিড জাতের পেঁয়াজের ফলন ১০০ থেকে ১২০ মণ পর্যন্ত হয়েছে। গত এক সপ্তাহে বোয়াইলমারী, বনগ্রাম, কাশিনাথপুর, ধুলাউড়ি ও করমজা হাট ঘুরে দেখা গেছে, কম দামের কারণে অনেকে পেঁয়াজ বিক্রি না করে বাড়িতে ফিরিয়ে নিচ্ছেন।
কৃষক আলমগীর হোসেন জানান, তাঁর উৎপাদিত ৩০০ মণ পেঁয়াজের ন্যায্য দাম না পাওয়ায় উৎপাদন খরচ তোলাও কঠিন হয়ে পড়েছে। শাহিন আলমের ঘরে এখনো প্রায় ৩০০ মণ পেঁয়াজ মজুত রয়েছে। তিনি বলেন, ‘পেঁয়াজ এখন গলার কাঁটা হয়ে গেছে, না পারছি বিক্রি করতে, না পারছি ঘরে মজুত রাখতে।’ আড়তদার সাদ্দাক হোসেনের মতে, ভালো ফলন ও হাইব্রিড জাতের পেঁয়াজের বেশি উৎপাদনের কারণে বাজারে সরবরাহ বেড়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ বলেন, বাজারের চাহিদা নিরূপণ করে উৎপাদন পরিকল্পনা, অতিরিক্ত পেঁয়াজ রপ্তানি এবং সংরক্ষণব্যবস্থা উন্নত করা প্রয়োজন।
স্বদেশ প্রতিদিন/এস পি