প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১২:৪৫ পিএম

মারধর, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বুধবার (৪ নভেম্বর) আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর এক দিন পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালতে আত্মসমর্পণ করলে শুনানি শেষে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।
বুধবার মামলাটিতে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে অ্যালার্জিজনিত অসুস্থতার কারণে পরীমনি আদালতে হাজির হতে পারেননি জানিয়ে তার আইনজীবী সময়ের আবেদন করেন। অন্যদিকে, বাদীপক্ষ আসামিদের জামিন বাতিলের আবেদন করে। উভয় পক্ষের বক্তব্য শুনে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। বৃহস্পতিবার সকালে ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের নিয়ে আদালতে হাজির হন তিনি।
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা এ মামলায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি পরীমনিসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ২০২১ সালের ৬ জুলাই বোট ক্লাবের তৎকালীন সভাপতি নাসির উদ্দিন মাহমুদ মামলাটি করেন। এজাহারে অভিযোগ করা হয়, ওই বছরের ৯ জুন রাতে সাভারের বোট ক্লাবে পরীমনি ও তার সহযোগীদের সঙ্গে বাদীর বিরোধ হয়। একপর্যায়ে তাকে মারধর, গালমন্দ, ভাঙচুর ও হত্যার হুমকি দেওয়া হয়। মামলার অন্য দুই আসামি ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম।
স্বদেশ প্রতিদিন/এস পি