প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ২:১৩ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্যের ঘটনায় আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে নতুন করে সময় পেয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২৩ নভেম্বর হাজিরার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
বুধবার (৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। এদিন ফুয়াদের সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার কথা ছিল। তবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার কথা জানিয়ে আইনজীবীদের মাধ্যমে এক মাসের সময় চান তিনি। সকালে তাঁর পক্ষে সময়ের আবেদন করেন ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া।
এর আগে গত ১ নভেম্বর স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার অভিযোগে ফুয়াদকে তলব করেন ট্রাইব্যুনাল-১। সম্প্রতি এবি পার্টির একটি অনুষ্ঠানে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য দিতে গিয়ে সেখানে ‘বস্তায় বস্তায় বা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে’ বলে মন্তব্য করেন তিনি। তাঁর এ বক্তব্য ট্রাইব্যুনালের নজরে আসার পর আদালত অবমাননার নোটিশ জারি করা হয় বলে জানান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
স্বদেশ প্রতিদিন/এস পি