প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:২৭ পিএম

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে নতুন শর্তের কথা জানিয়েছে ভারত। বাংলাদেশের সামরিক বিমানে যেভাবে তিনি ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে গিয়েছিলেন, সেভাবেই তাঁকে ফিরিয়ে নিতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা চায় নয়াদিল্লি। পাশাপাশি জুলাই অভ্যুত্থানের মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল এবং নতুন করে স্বচ্ছ বিচারের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছে দেশটি। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার দীর্ঘদিন ভারতে অবস্থান দুই দেশের সম্পর্ক এবং আন্তর্জাতিক অঙ্গনে নয়াদিল্লির জন্য বিব্রতকর হয়ে উঠছে। তাঁকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা সফল না হওয়ায় দেশে ফিরে আইনি প্রক্রিয়ায় অংশ নেওয়াকেই বাস্তবসম্মত পথ হিসেবে দেখছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, ‘আমরা জেনেশুনে তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য হস্তান্তর করতে পারি না। বরং আমরা চাইব তিনি যেন নতুন করে ন্যায়বিচারের সুযোগ পান।’
প্রতিবেদনে আরও বলা হয়, দেশে ফেরার পর শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে—এমন নিশ্চয়তাও চায় ভারত। এ বিষয়ে দুই দেশের সামরিক পর্যায়ে যোগাযোগ ও পর্দার আড়ালে আলোচনা চলছে বলে ভারতীয় সূত্রের বরাতে দাবি করা হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চাইলেও প্রত্যর্পণ চুক্তির আইনি দিক বিবেচনার কথা বলে ভারত এখনো সিদ্ধান্ত জানায়নি। এদিকে ভারতীয় কর্মকর্তাদের ধারণা, শেখ হাসিনার প্রত্যাবর্তনে বাংলাদেশে নতুন অস্থিরতা তৈরি হতে পারে।
স্বদেশ প্রতিদিন/এস পি