প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১১:৩৬ AM

ফুটবল মাঠের বাইরে এবার বিনোদন জগতে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর প্রথম টেলিভিশন সিরিজ ‘ডে ওয়ানস’-এর প্রযোজনার কাজ শুরু হয়েছে। ইনস্টাগ্রামে এক পোস্টে নিজেই এ তথ্য জানিয়েছেন আল নাসর ফরোয়ার্ড। সিরিজটির নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি চিত্রনাট্যনির্ভর অভিনয়েও অভিষেক হতে যাচ্ছে তাঁর।
ব্রিটিশ ফুটবলকে কেন্দ্র করে নির্মিত সিরিজটি হবে চিত্রনাট্যনির্ভর ড্রামা। এতে ফুটবলের ব্যবসায়িক জগৎ, প্রভাবশালী এজেন্সিকে ঘিরে ক্ষমতার দ্বন্দ্ব, চুক্তি ও সম্পর্কের নানা দিক তুলে ধরা হবে। সিরিজে প্রভাবশালী ফুটবল এজেন্ট স্ট্যানলি ডালটনের চরিত্রে অভিনয় করবেন ড্যামিয়ান লুইস। সাবেক ফরাসি ফুটবলার থিয়েরি অঁরি ও ব্রিটিশ র্যাপার ডেভেরও এ প্রকল্পের সঙ্গে যুক্ত থাকার কথা রয়েছে।
রোনালদো ও ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভনের প্রতিষ্ঠিত প্রযোজনা প্রতিষ্ঠান ইউআর-মার্ভ স্টুডিওস সিরিজটি নির্মাণ করছে। ২০২৫ সালে চলচ্চিত্র ও টেলিভিশন জগতে কাজের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। ফুটবলের পাশাপাশি ফ্যাশন, আতিথেয়তা ও গণমাধ্যম ব্যবসায় যুক্ত থাকার পর এবার বিনোদন জগতেও নিজের অবস্থান গড়তে যাচ্ছেন রোনালদো।
স্বদেশ প্রতিদিন/এস পি