প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ১২:১৫ পিএম আপডেট: ১৯.০৬.২০২৫ ১২:৪২ PM

ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক রাজনীতি। এবার এই ইস্যুতে উত্তর কোরিয়া ও চীন তাদের অবস্থান স্পষ্ট করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছে।
বুধবার (১৮ জুন) এএফপির এক প্রতিবেদনে জানানো হয়, উত্তর কোরিয়া ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়ে এটিকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলে আখ্যা দিয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে উত্তর কোরিয়ার মুখপাত্র বলেন, গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া ইসরায়েলের সামরিক আক্রমণে গুরুতর উদ্বেগ প্রকাশ করে এবং এর তীব্র নিন্দা জানায়।
মুখপাত্র আরও বলেন, ইসরায়েল কর্তৃক বেসামরিক নাগরিকদের হত্যা মানবতার বিরুদ্ধে ক্ষমার অযোগ্য অপরাধ। ইসরায়েলের রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসবাদের অবৈধ কাজ মধ্যপ্রাচ্য অঞ্চলে একটি নতুন সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি তৈরি করছে।
এদিকে ইরানে হস্তক্ষেপ সহজভাবে নিচ্ছে না চীন। প্রেসিডেন্ট শি জিংপিং-ও যুক্তরাষ্ট্রের হম্বিতম্বির বিরুদ্ধে মন্তব্য করেছেন। সম্মান হারানোর আগেই যুক্তরাষ্ট্রকে শিক্ষা নিতে তিনি আহ্বান জানিয়েছেন।
এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার (১৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (পূর্বের টুইটার)-এ এক বক্তব্যে বলেন, বিশ্বের শক্তির ভারসাম্য বদলাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের ‘হম্বিতম্বি’ আর চলবে না।
শি আরও লেখেন, ‘ক্ষমতা হ্রাস পায়। প্রভাব স্থানান্তরিত হয়। বৈধতা মুহূর্তেই মরে যায়, যখন এটি অর্জনের পরিবর্তে ধারণা করে নেওয়া হয়। প্রতিটি পতনশীল সাম্রাজ্য অতীত থেকে শিখতে দেরি করেছে। আমেরিকা যদি বিশ্বে সম্মান হারায় তবে তারাও সেই দেরিতেই শিখবে। বিশ্ব এগিয়ে যায়; সবসময়।’
স্বদেশ প্রতিদিন/এমএম