
নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সারাদেশে নৈরাজ্য সৃষ্টি, গুপ্ত ও দেশবিরোধী ষড়যন্ত্র এবং অপপ্রচারের বিরুদ্ধে মোংলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ-সংগঠন।
বৃহস্পতিবার বিকেলে মোংলা পৌর মার্কেট চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য
প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ জুলফিকার আলী বলেন, "স্বৈরাচারী ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ আবারও গোপনে ও প্রকাশ্যে দেশবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা অপপ্রচার চালিয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করার দুঃস্বপ্ন দেখছে। তবে মোংলার সচেতন জনগণ ও বিএনপির নেতাকর্মীরা রাজপথে থেকে যেকোনো দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্য দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে।"
উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার তাঁর বক্তব্যে বলেন, "গণঅভ্যুত্থানের পর জনগণ যখন শান্তিতে বসবাস করছে, ঠিক তখনই ষড়যন্ত্রকারীরা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও শান্তি রক্ষায় বিএনপির প্রতিটি নেতাকর্মী পাহারাদারের ভূমিকা পালন করবে।"
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি বলেন, "আওয়ামী লীগের যেকোনো অপপ্রচার ও ষড়যন্ত্র রোধে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। রাজপথে আন্দোলনের মাধ্যমেই তাদের সকল অপচেষ্টা নস্যাৎ করে দেওয়া হবে।"
আরও যারা বক্তব্য রাখেন
প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, বিএনপি নেতা নাসির তালুকদার, গোলাম নুর জনি, মোঃ আলাউদ্দিন, আঃ কাদের, আঃ সালাম ব্যাপারী, মোঃ ইলিয়াস হোসেন, শাহজাহান ফকিরসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের পৌর সদস্য সচিব নুর উদ্দিন টুটুল, বিএনপি নেত্রী শামিমা আক্তার লাইজু, যুবদল নেতা বি এম ওয়াসিম আরমান, রতন মাহমুদ, বাপ্পারাজ, মহিলা দল নেত্রী কমলা বেগম, বেবী রহমান, দুলি সরদার, তাসলিমা বেগম।
সমাবেশে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ