প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম

আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু থেকেই ব্যাট হাতে রানের ফোয়ারা ছোটাচ্ছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ম্যাথু ব্রিটজকে। একের পর এক রেকর্ড গড়া এই ডানহাতি ব্যাটার এবার নিজের প্রথম ১৪ ওয়ানডেতেই গড়েছেন নতুন ইতিহাস। ক্যারিয়ারের প্রথম ১৪ ওয়ানডেতে সর্বোচ্চ ৮২২ রান করেছেন তিনি।
এতদিন এই রেকর্ড ছিল পাকিস্তানের ওপেনার ইমাম-উল-হকের দখলে। ক্যারিয়ারের প্রথম ১৪ ওয়ানডেতে তিনি করেছিলেন ৭৬৩ রান। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করে ইমামের সেই রেকর্ড ভেঙে দেন ব্রিটজকে।
পঞ্চাশোর্ধ ইনিংসেও রেকর্ড
শুধু রানের রেকর্ডই নয়, প্রথম ১৪ ওয়ানডে শেষে যৌথভাবে সর্বোচ্চ আটটি পঞ্চাশোর্ধ ইনিংসের মালিকও হয়েছেন ব্রিটজকে। এর মধ্যে রয়েছে ছয়টি হাফসেঞ্চুরি ও দুটি সেঞ্চুরি। একই সংখ্যক পঞ্চাশোর্ধ রানের ইনিংস রয়েছে ভারতের নভজোৎ সিং সিধুরও।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারবানে সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৭ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে ১০৬ বলে ১৪ চার ও ২ ছক্কায় ১১২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ব্রিটজকে। এরপর রানআউট হয়ে ফেরেন তিনি।
এটি ছিল ১৪তম ওয়ানডেতে ব্রিটজকের দ্বিতীয় সেঞ্চুরি।
ব্রিটজকে-জানসেনের জুটিতে বড় সংগ্রহ
ইনিংসের শুরুটা অবশ্য ভালো হয়নি টেম্বা বাভুমার দলের। রানের খাতা খোলার আগেই টনি ডি জর্জি ও কুইন্টন ডি কক ১৪ রান করে ফিরে যান। অধিনায়ক বাভুমা করেন ৪৮ বলে ৩০ রান।
এ ছাড়া রায়ান রিকেলটন ২৭ এবং ডেভিড মিলার ৯ রানে আউট হলে বড় সংগ্রহ নিয়ে শঙ্কায় পড়ে প্রোটিয়ারা। তবে ব্রিটজকে ও মার্কো জানসেন মিলে দলকে চ্যালেঞ্জিং পুঁজি এনে দেন।
জানসেন ৫৯ বলে ৭ চার ও ৪ ছক্কায় করেন ৭৫ রান। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৭ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা।
অস্ট্রেলিয়ার পক্ষে নাথান এলিস সর্বোচ্চ ৩টি এবং অ্যাডাম জাম্পা ২টি উইকেট শিকার করেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ