প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম আপডেট: ২৪.০৯.২০২৬ ৮:৩৩ PM

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে ফ্যাসিস্ট ও মৌলবাদী অপশক্তি নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। দেশ ও জনগণের স্বার্থে এ ধরনের অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। কারণ, জনগণ এখন আর কোনো ধরনের বিশৃঙ্খলা-নৈরাজ্য দেখতে চায় না।
দেশে অস্থিতিশীল ও নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে নান্দাইল পৌর বিএনপি আয়োজিত উপজেলা সদরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র কঠোর হাতে দমনের হুঁশিয়ারি
প্রতিমন্ত্রী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা মোকাবিলায় হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা এবং সাধারণ জনগণের শান্তিময় জীবন নিশ্চিত করতে রাষ্ট্রবিরোধী যেকোনো ষড়যন্ত্র কঠোর হাতে দমন করা হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সব পরিস্থিতি মোকাবিলা করে দেশের আইনশৃঙ্খলা উন্নয়নে সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
উক্ত মিছিল ও সমাবেশে পৌরসভার সকল ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ যোগদান করেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ