প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫০ পিএম

কোক স্টুডিও বাংলার পরিচিত দুই মুখ অঙ্কন কুমার ও সানজিদা মাহমুদ নন্দিতা এবার একসঙ্গে হাজির হচ্ছেন নতুন গানে। ‘মথুরা’ শিরোনামের গানটি আজ সন্ধ্যায় প্রকাশিত হতে যাচ্ছে। এতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন অঙ্কন ও নন্দিতা।
নন্দিতা জনপ্রিয়তা পেয়েছেন ‘দাঁড়ালে দুয়ারে’ ও ‘বুলবুলি’ গান দিয়ে। অন্যদিকে ‘লং ডিসটেন্স লাভ’ দিয়ে শ্রোতাদের মধ্যে নিজের পরিচিতি তৈরি করেছেন অঙ্কন কুমার।
গানটির কথা, সুর ও সংগীতায়োজন
‘মথুরা’ গানটির কথা ও সুর করেছেন অঙ্কন কুমার। সংগীতায়োজন করেছেন শুভেন্দু দাস শুভ। এর আগে অঙ্কন ও নন্দিতার গাওয়া গানগুলোর সংগীতায়োজনও করেছিলেন তিনি।
‘মথুরা’ কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের পঞ্চম গান। এর আগে ২০ আগস্ট প্রকাশিত হয়েছিল সিজনের চতুর্থ গান ‘মুল্লুক’। গানটি করেছে ব্যান্ড ‘মেঘদল’।
চা শ্রমিকদের শতবর্ষ পুরনো এক রক্তাক্ত ইতিহাস ও তাদের সংগ্রামকে কেন্দ্র করে গানটি তৈরি করেছিলেন ‘মেঘদল’-এর ভোকাল ও গীতিকার শিবু কুমার শীল।
ভালোবাসা ও সম্পর্কের গল্প
এবারের ‘মথুরা’ গানটি ভালোবাসা ও সম্পর্কের গল্প বলবে। তবে গান প্রকাশের আগে এ নিয়ে বিস্তারিত জানাতে অপারগ সংশ্লিষ্টরা। ফলে নতুন এই গান নিয়ে শ্রোতাদের মধ্যে তৈরি হয়েছে অপেক্ষা।
স্বদেশ প্রতিদিন/এফএইচ