প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১১:৩০ AM

২০২৭ সালের জুন থেকে রাজধানীর ১৩টি অঞ্চলে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহের পরিকল্পনা নিয়েছে ঢাকা ওয়াসা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্পের প্রথম ধাপ চালু হলে এসব এলাকায় মেঘনা নদীর পানি শোধন করে সরবরাহ করা হবে। এতে রাজধানীর পূর্বাঞ্চলের লাখো মানুষ উপকৃত হবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পানি সরবরাহের আওতায় থাকা অঞ্চলগুলো হলো বাড্ডা, উত্তর বাড্ডা, সাতারকুল, গুলশান, প্রগতি সরণি, বসুন্ধরা, খিলক্ষেত, কাকলি, বনানী, ক্যান্টনমেন্ট এলাকা, মিরপুরের আংশিক এলাকা, উত্তরা ও মিরপুর ডিওএইচএস। ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্টের অধীনে প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে শোধনাগারটি। প্রকল্পের কাজ ৯০ থেকে ৯৭ শতাংশ শেষ হয়েছে বলে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন। প্রথম ধাপে প্রতিদিন ৫০ কোটি লিটার পানি সরবরাহের পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় ধাপ চালু হলে আরও ৫০ কোটি লিটার যুক্ত হয়ে দৈনিক সরবরাহ সক্ষমতা দাঁড়াবে ১০০ কোটি লিটারে। প্রকল্পটি চালু হলে কয়েকশ গভীর নলকূপ বন্ধ করা সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ঢাকায় প্রতিদিন পানির চাহিদা ৩ কোটি ২৫ লাখ লিটার। ওয়াসা ভূগর্ভস্থ ও উপরিভাগের উৎস থেকে ২ কোটি ৯৫ লাখ থেকে ৩ কোটি ৫ লাখ লিটার পানি সরবরাহ করে। ফলে প্রতিদিনই ঘাটতি থাকে। এ ঘাটতি পূরণে গন্ধর্বপুর প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্প পরিচালক ওয়াহিদুল ইসলাম মুরাদও জানিয়েছেন, শোধনাগার চালু হলে রাজধানীর পূর্বাঞ্চলের মানুষ উপকৃত হবেন এবং ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমবে।
স্বদেশ প্রতিদিন/এস পি