প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ২:৪৯ পিএম

বাংলাদেশে বাল্যবিয়ের হার দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। ইউএনএফপিএ ও ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে দেশে প্রায় ৪৭ শতাংশ মেয়ের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই। এ পরিস্থিতিতে বাল্যবিয়ে প্রতিরোধ এবং কন্যাশিশুর অধিকার সুরক্ষায় শতভাগ জন্মনিবন্ধন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, জন্মনিবন্ধন থাকলে বিয়ের সময় বয়স যাচাই সহজ হবে এবং ভুয়া বয়স দেখিয়ে বাল্যবিয়ের সুযোগ কমবে।
বিশেষজ্ঞদের মতে, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ সংশোধন করে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে আইনগতভাবে নিবন্ধনের দায়িত্ব দেওয়া হলে হাসপাতালে জন্ম নেওয়া প্রায় ৬৭ শতাংশ শিশুর জন্মের পরপরই নিবন্ধন নিশ্চিত করা সম্ভব। বর্তমানে দেশে প্রায় অর্ধেক মানুষ জন্মনিবন্ধনের বাইরে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জন্মনিবন্ধন শিশুর আইনি পরিচয়ের পাশাপাশি বয়সের নির্ভরযোগ্য প্রমাণ হিসেবেও কাজ করে। ফলে বাল্যবিয়ের ঝুঁকিতে থাকা শিশুদের শনাক্ত ও সুরক্ষা দেওয়া সহজ হয়।
বাল্যবিয়ের কারণে মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ ক্ষতিগ্রস্ত হয়। অল্প বয়সে গর্ভধারণের ঝুঁকিও বেড়ে যায়। ২০৩০ সালের মধ্যে বাল্যবিয়ে নির্মূলের লক্ষ্যমাত্রা রয়েছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি)। এ লক্ষ্য অর্জনে জন্মনিবন্ধনব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি বাল্যবিয়ে নিরোধ আইন, ২০১৭-এর কার্যকর বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাল্যবিয়ে, অপ্রাপ্তবয়সে বিয়ে ও জোরপূর্বক বিয়ে নির্মূল দিবস উপলক্ষে প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, ‘প্রতিটি কন্যাশিশুর জন্ম নিবন্ধনের মাধ্যমে আইনি পরিচয় নিশ্চিত করা গেলে তা শিশুর বয়স, অধিকার ও শৈশব সুরক্ষার ভিত্তি তৈরি করবে।’
স্বদেশ প্রতিদিন/এস পি