প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৩:২১ পিএম

প্রতিদিনের খাদ্যতালিকায় ডাল পুষ্টিকর ও সহজলভ্য খাবার হিসেবে পরিচিত। মুগ, মসুর, ছোলা, মাসকলাইসহ বিভিন্ন ধরনের ডালে রয়েছে প্রোটিন। তবে ডাল রান্নার পদ্ধতির ওপরও এর পুষ্টিগুণ অনেকটা নির্ভর করে। পুষ্টিবিদদের মতে, কয়েকটি নিয়ম মেনে রান্না করলে ডালের পুষ্টি ভালোভাবে পাওয়া সম্ভব।
রান্নার আগে ডাল কিছুক্ষণ ভিজিয়ে রাখা ভালো। মুগ ও মসুর ডাল প্রায় দুই ঘণ্টা, ছোলার ডাল ৬ থেকে ৮ ঘণ্টা, অড়হর ডাল ২ থেকে ৩ ঘণ্টা এবং রাজমা ১০ থেকে ১২ ঘণ্টা ভিজিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়। ডাল ভেজানোর ফলে খনিজ শোষণে বাধা দেওয়া কিছু অ্যান্টি-নিউট্রিয়েন্টের পরিমাণ কমতে পারে। তবে ভেজানো পানি ফেলে দেওয়া নিয়ে ভিন্নমত রয়েছে। ওই পানিতে কিছু পানিতে দ্রবণীয় ভিটামিন ও পুষ্টি উপাদান মিশে থাকতে পারে। তাই তা ফেলে দিলে কিছু পুষ্টি হারানোর আশঙ্কা থাকে।
ডাল রান্নার আগে পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে ধুলাবালি ও ময়লা দূর হয়। এরপর ভিজিয়ে রাখা ডাল পানি সহ রান্না করা যেতে পারে। পুষ্টিবিদদের মতে, অতিরিক্ত প্রক্রিয়াজাত বা পলিশড ডালের বদলে কম প্রক্রিয়াজাত ও আনপলিশড ডাল বেছে নেওয়া ভালো। ডাল কেনার সময় প্যাকেটের মেয়াদ, গুণমান এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের নির্ভরযোগ্যতাও যাচাই করা উচিত।
স্বদেশ প্রতিদিন/এস পি