প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:৫৩ পিএম

কিশোর বয়সে সন্তানদের আচরণ, আবেগ ও চিন্তাভাবনায় নানা পরিবর্তন আসে। এ সময় বাবা-মায়ের বলা কথা, কথার ধরন কিংবা সমালোচনা তাদের মনে গভীর প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, কিশোর ছেলের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি। বিশেষ করে এমন কথা বলা থেকে বিরত থাকতে হবে, যা তার আত্মবিশ্বাস কমিয়ে দেয় বা তাকে বাবা-মায়ের কাছ থেকে দূরে সরিয়ে দেয়।
প্রথমত, অন্যদের সঙ্গে সন্তানের তুলনা করা উচিত নয়। ভাইবোন, কাজিন বা সহপাঠীর সঙ্গে তুলনা করলে তার মধ্যে হীনম্মন্যতা ও ক্ষোভ তৈরি হতে পারে। বরং নিজের অগ্রগতির জন্য তার প্রশংসা করা উচিত। একইভাবে ‘ছেলেরা কাঁদে না’ বা ‘আরও শক্ত হও’—এ ধরনের কথা বলে তার আবেগকে উপহাস করা ঠিক নয়। দুঃখ, ভয় ও মানসিক চাপের কথা মনোযোগ দিয়ে শুনলে সন্তান নিজের অনুভূতি প্রকাশে স্বস্তি পায়। এ ছাড়া তার বন্ধু, ভালো লাগা কিংবা প্রথম প্রেম নিয়ে ঠাট্টা করা বা ব্যক্তিগত কথা অন্যদের সামনে প্রকাশ করাও উচিত নয়। এতে বাবা-মায়ের প্রতি তার বিশ্বাস নষ্ট হতে পারে।
পরীক্ষায় খারাপ ফল, খেলায় পরাজয় কিংবা অতীতের ভুলের কথা বারবার মনে করিয়ে দেওয়াও সন্তানের অনুপ্রেরণা কমিয়ে দিতে পারে। ভুল নিয়ে একবার আলোচনা করে তা থেকে শিক্ষা নেওয়ার সুযোগ দেওয়া উচিত। কোথায় ভুল হয়েছে, তা বুঝিয়ে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে সহায়তা করা প্রয়োজন। কিশোর বয়সে সন্তান যেন বাড়িতে নিজের কথা বলতে পারে, ভুল স্বীকার করতে পারে এবং আবেগ প্রকাশে নিরাপদ বোধ করে—সে পরিবেশ তৈরি করাই বাবা-মায়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
স্বদেশ প্রতিদিন/এস পি