শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পারিবারিক বিরোধে প্রবাসীর মাছের পুকুরে বিষ প্রয়োগ, স্ত্রী-সন্তানসহ চারজনকে মারধরের অভিযোগ      ● জুমার নামাজ শেষে শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী      ● খুলনা জেলা পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯      ● হরগজে ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল কলেজ একাদশ      ● বসুরহাটে দারুল ইহসান গার্লস মাদ্রাসার পুরস্কার বিতরণ      ● দেওয়ানগঞ্জে জিল বাংলা সুগার মিলসের ৬৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন      ● আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নান্দাইলে বিএনপির মিছিল      ● পঞ্চগড় সীমান্তে ড্রোন-সিসিটিভিতে বিজিবির নজরদারি      ● কয়রায় অস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ জলদস্যুর দুই সহযোগী গ্রেপ্তার      ● ডিজিটাল লেনদেনের বিস্তার, নিরাপত্তার নিশ্চয়তা কোথায়?      ● খাগড়াছড়িতে ‘৭২০ মে.টন চাল’ বরাদ্দ নিয়ে তোলপাড়      ● মেঠোপথ সাহিত্য উৎসবে সাংবাদিক খসরুসহ ৫ গুণীজনকে সম্মাননা      
আবারও চোখ রাঙাচ্ছে করোনা, চীনসহ ১৮ দেশে ছড়িয়েছে নতুন ভ্যারিয়েন্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৮:৩৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বজুড়ে আবারও উদ্বেগ তৈরি করেছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট পিজে.২.১। কানাডায় প্রথম শনাক্ত হওয়ার পর যুক্তরাষ্ট্র, চীন, স্পেনসহ বিশ্বের অন্তত ১৮টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার এই নতুন ধরন। তবে এখন পর্যন্ত ভ্যারিয়েন্টটি আগের ধরনগুলোর তুলনায় বেশি গুরুতর অসুস্থতা সৃষ্টি করে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) পিজে.২.১-কে ‘পর্যবেক্ষণাধীন ভ্যারিয়েন্ট’ হিসেবে তালিকাভুক্ত করেছে। বিভিন্ন দেশে এর জিনগত বৈশিষ্ট্য শনাক্ত হওয়া এবং বিস্তার বাড়তে থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিকিৎসাবিষয়ক সাময়িকী জার্নাল অব ইনফেকশন-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২ মে কানাডার অন্টারিওতে প্রথম শনাক্ত হয় পিজে.২.১। এটি ওমিক্রন ধরনের জেএন.১-এর বংশধর। গবেষণায় এর স্পাইক প্রোটিনে সর্বোচ্চ ২৪টি অ্যামিনো অ্যাসিডের পরিবর্তন পাওয়া গেছে।

যেভাবে ছড়িয়েছে ১৮ দেশে
কানাডায় শনাক্ত হওয়ার পর যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে পিজে.২.১। যুক্তরাষ্ট্রে গত ৩০ জুন নিউইয়র্কে প্রথম শনাক্ত হওয়ার পর ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা, নিউ জার্সি, ভার্জিনিয়া, নর্থ ক্যারোলাইনা, মিসৌরি, ওকলাহোমা, কলোরাডো ও ফ্লোরিডায়ও এর উপস্থিতি পাওয়া যায়।

এ ছাড়া সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইসরায়েল, ফ্রান্স ও স্পেনেও শনাক্ত হয়েছে ভ্যারিয়েন্টটি। স্পেনের কাতালুনিয়া, বাস্ক অঞ্চল ও মাদ্রিদে স্থানীয়ভাবে সংক্রমণ ছড়ানোর প্রমাণ পেয়েছেন গবেষকেরা।

ডব্লিউএইচওর প্রতিবেদনে হংকংয়ে বর্জ্য পানির নমুনায় পিজে.২.১ শনাক্ত হওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, চীনের কয়েকটি অঞ্চলে গত আগস্ট থেকে এই ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া যাচ্ছে বলে দাবি করেছেন দেশটির দুই কর্মকর্তা।

তাদের দাবি, হেবেই, শানসি, জিলিন ও লিয়াওনিং প্রদেশে ভ্যারিয়েন্টটির উপস্থিতি তুলনামূলক বেশি। এসব অঞ্চলে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বাড়ছে বলেও জানানো হয়েছে।

স্পাইক প্রোটিনে ২৪টি পরিবর্তন, কতটা উদ্বেগের?
গবেষকদের মতে, পিজে.২.১-এর স্পাইক প্রোটিনে উল্লেখযোগ্যসংখ্যক মিউটেশন রয়েছে। এই প্রোটিনের মাধ্যমেই করোনাভাইরাস মানবকোষের এসিই২ রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়ে শরীরে প্রবেশ করে।

প্রাথমিক গবেষণায় দেখা গেছে, নতুন ধরনটি এসিই২ রিসেপ্টরের সঙ্গে শক্তিশালীভাবে যুক্ত হতে পারে। এমনকি যেসব কোষে এই রিসেপ্টরের উপস্থিতি কম, সেসব কোষেও সংক্রমণ ঘটানোর সক্ষমতা থাকতে পারে।

তবে ডব্লিউএইচও বলছে, কোষের সঙ্গে শক্তিশালীভাবে যুক্ত হওয়ার অর্থ এই নয় যে ভাইরাসটি মানুষ থেকে মানুষে দ্রুত ছড়াবে। এ বিষয়ে এখনো পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি।

টিকা কতটা কার্যকর?
নতুন ভ্যারিয়েন্টটি আগের সংক্রমণ কিংবা টিকার মাধ্যমে তৈরি হওয়া রোগ প্রতিরোধক্ষমতাকে ফাঁকি দিতে পারে কি না, তা নিয়ে উদ্বেগ ছিল বিজ্ঞানীদের। তবে প্রাথমিক গবেষণায় দেখা গেছে, প্রচলিত অন্যান্য ভ্যারিয়েন্টের তুলনায় পিজে.২.১ বিদ্যমান টিকার অ্যান্টিবডি উল্লেখযোগ্যভাবে এড়াতে পারে না।

এ ছাড়া ভ্যারিয়েন্টটি আগের ধরনগুলোর তুলনায় বেশি গুরুতর অসুস্থতা বা মৃত্যুঝুঁকি তৈরি করে, এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে ক্লিনিক্যাল তথ্য সীমিত হওয়ায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সময় আসেনি বলে জানিয়েছে ডব্লিউএইচও।

বিশেষজ্ঞদের পরামর্শ
ভারতের কেরালার অ্যাপোলো অ্যাডলাক্স হাসপাতালের জ্যেষ্ঠ কনসালট্যান্ট চিকিৎসক গোপাকুমার বলেন, ভাইরাসের বিপজ্জনক মাত্রা নির্ধারণে শুধু মিউটেশনের সংখ্যা বিবেচনা করলেই হবে না। পরিবর্তনগুলো ভাইরাসের সংক্রমণক্ষমতা কতটা বাড়াচ্ছে এবং রোগ প্রতিরোধব্যবস্থাকে ফাঁকি দিতে পারছে কি না, সেটিই গুরুত্বপূর্ণ।

একই মত দিয়েছেন নয়াদিল্লির ধর্মশীলা নারায়ণ হাসপাতালের জ্যেষ্ঠ কনসালট্যান্ট চিকিৎসক নবনীত সুদ। তার মতে, এখন পর্যন্ত রোগের তীব্রতা বাড়ার কোনো প্রমাণ নেই। তবে ভাইরাসের গতিবিধি ও নতুন পরিবর্তন সম্পর্কে জানতে নিয়মিত জিনোমিক নজরদারি চালিয়ে যাওয়া জরুরি।

সব মিলিয়ে, পিজে.২.১ নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কারণ না থাকলেও সতর্কতা ও নিয়মিত পর্যবেক্ষণের বিকল্প নেই। বিশেষজ্ঞদের মতে, নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণক্ষমতা, রোগের তীব্রতা এবং টিকার কার্যকারিতা সম্পর্কে আরও গবেষণার ফলের জন্য অপেক্ষা করতে হবে।

সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close