বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন রাজবাড়ীর খামারি জাহাঙ্গীর হোসেন      ● পাংশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন      ● দুগ্ধজাত পণ্যে পাবনার সুনাম ধরে রাখার আহ্বান ডিসির      ● উল্লাপাড়ায় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা      ● বেড়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত      ● নাসিরনগরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের উদ্বোধন       ● মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি      ● আড়াই ফুট উচ্চতার গৌতমের জীবনসংগ্রাম      ● গুরুদাসপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন      ● ট্রাম্পের নতুন শুল্কে বিশ্ববাণিজ্যে অনিশ্চয়তা, চাপে শেয়ারবাজার      ● সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে পলাতক ফ্যাসিস্ট: রিজভী      ● শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ এর উদ্বোধন       
জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন রাজবাড়ীর খামারি জাহাঙ্গীর হোসেন
একে আজাদ, রাজবাড়ী
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৩:০০ পিএম

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখায় জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬ পেয়েছেন রাজবাড়ীর কালুখালী উপজেলার সৌখিন খামারি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। ফেন্সি আইটেম ক্যাটাগরিতে তিনি রৌপ্য পদকে ভূষিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬ (স্বর্ণ ও রৌপ্য) তুলে দেন প্রধানমন্ত্রী। পদকপ্রাপ্তদের মধ্যে ফেন্সি আইটেম ক্যাটাগরিতে রৌপ্য পদক অর্জন করেন রাজবাড়ীর কালুখালী উপজেলার সৌখিন খামারি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

জাহাঙ্গীর হোসেন উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বড় বাংলাট গ্রামের বাসিন্দা। তিনি ‘ইত্যাদি ফেন্সি জোন’-এর স্বত্বাধিকারী। তাঁর খামারের নাম ‘কালুখালী ফ্যান্সি মুরগির খামার’।

জানা যায়, শখের বশে বাড়িতে বিদেশি জাতের মুরগি পালন শুরু করেন জাহাঙ্গীর। একপর্যায়ে সেই শখই রূপ নেয় বাণিজ্যিক খামারে। ভাগ্য পরিবর্তনের আশায় ইউরোপে যেতে চেয়ে দালালের প্রতারণার শিকার হওয়ার পর তিনি ভারতের চেন্নাইয়ে একটি মুরগির খামারে কাজ করেন। সেখানে বিদেশি জাতের মুরগির প্রতি আগ্রহ তৈরি হয় তাঁর। দেশে ফেরার সময় উপহার হিসেবে পাওয়া দুই জোড়া বিদেশি জাতের মুরগি দিয়ে শুরু করেন খামার গড়ার যাত্রা।

বর্তমানে তাঁর খামারে বিদেশি জাতের মুরগির পাশাপাশি রয়েছে ময়ূর, বিদেশি হাঁসসহ বিভিন্ন প্রজাতির পাখি। ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য রয়েছে ইনকিউবেটরও।

পদক প্রাপ্তির অনুভূতি জানিয়ে জাহাঙ্গীর হোসেন বলেন, “একসময় শখের বশে দুই জোড়া বিদেশি জাতের মুরগি দিয়ে আমার খামারের যাত্রা শুরু হয়েছিল। নানা প্রতিকূলতা ও পরিশ্রমের মধ্য দিয়ে আজকের এই অবস্থানে এসেছি। জাতীয় পর্যায়ে এমন স্বীকৃতি পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। এই অর্জন আমার কাজের প্রতি আগ্রহ ও দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আরও ভালো কিছু করতে চাই।”

উল্লেখ্য, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর আটটি ক্যাটাগরিতে মোট ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক দেওয়া হয়েছে। এর মধ্যে আটটি স্বর্ণ ও ১৫টি রৌপ্য পদক রয়েছে।

জাহাঙ্গীর হোসেনের এ অর্জনে আনন্দিত ও গর্বিত কালুখালী উপজেলাবাসী। তাঁর এই সাফল্য স্থানীয় পর্যায়ে সৌখিন ও উদ্যোক্তা খামারিদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  জাতীয় প্রাণিসম্পদ পদক   জাহাঙ্গীর হোসেন   রাজবাড়ী   কালুখালী   সৌখিন খামারি   রৌপ্য পদক   প্রাণিসম্পদ সপ্তাহ   ফেন্সি আইটেম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close