প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ২:৫০ পিএম

পশু উৎপাদনের পাশাপাশি দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনে পাবনার যে সুনাম রয়েছে, তা ধরে রাখার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। তিনি বলেছেন, মানসম্মত পশু ও খাদ্যপণ্য উৎপাদনের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। তবে কিছু অসাধু খামারি ও ব্যবসায়ীর ভেজাল পণ্য উৎপাদনের কারণে জনস্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এবং ক্ষুণ্ন হচ্ছে জেলার সুনাম।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা, শোভাযাত্রা ও তিন দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আব্দুল হামিদ সড়কের সাবেক বন্ধন কমিউনিটি সেন্টার মাঠে গিয়ে শেষ হয়। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার আবু আশরাফ ও পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল কাদির, সহকারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আশরাফুল আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও খামারিরা উপস্থিত ছিলেন। আয়োজকেরা জানান, তিন দিনব্যাপী প্রদর্শনীতে ২২টি স্টলে বিভিন্ন প্রজাতির পশু ও উৎপাদিত খাদ্যপণ্য প্রদর্শন করা হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রদর্শনী চলবে।
স্বদেশ প্রতিদিন/এস পি