প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ AM

চীনের শেনঝৌ-২৪ মহাকাশযানে চড়ে মহাকাশে গেছেন পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলী। বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টা ১৮ মিনিটে উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে যাত্রা শুরু করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন চীনা কমান্ডার তাং হংবো ও ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ইয়ি। তাঁদের গন্তব্য চীনের তিয়াংগং মহাকাশ স্টেশন।
৪০ বছর বয়সী পেশাদার পাইলট জিশান এ মিশনে পেলোড বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করবেন। মহাকাশ স্টেশনে ৫ থেকে ১০ দিন অবস্থান করে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষায় অংশ নেবেন তিনি। এ অভিযানের প্রস্তুতিতে বেইজিংয়ে সাত মাস প্রশিক্ষণ নিয়েছেন জিশান। যাত্রার আগে তিনি বলেন, ‘আমি নিজের জন্য মহাকাশে যাচ্ছি না, দেশের জন্য যাচ্ছি। আমি আমার কাঁধে পাকিস্তানের নাম বহন করছি।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ যাত্রাকে ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। চীন-পাকিস্তান মহাকাশ সহযোগিতা নব্বইয়ের দশকের শুরু থেকে চলছে। চীন ইতোমধ্যে পাকিস্তানের স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। এ ছাড়া ২০২৮ সালের দিকে চীনের একটি চন্দ্র অভিযানে পাকিস্তানের তৈরি রোভার পাঠানোর বিষয়েও দুই দেশের চুক্তি রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি