প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৩:২৬ পিএম

চার বছর পর আবারও ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া। ‘বিলিয়নেরেরা’খ্যাত এই গায়িকা ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৫টায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে অনুষ্ঠিত হবে তাঁর এই কনসার্ট। এতে ওটিলিয়ার পাশাপাশি পারফর্ম করবেন জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তাঁর ব্যান্ড।
ঢাকায় পৌঁছানোর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন ওটিলিয়া। ফেসবুক পোস্টে বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি জানান, নিরাপদে ঢাকায় পৌঁছেছেন এবং ভক্তদের সঙ্গে সরাসরি দেখা করতে অপেক্ষা করছেন। অন্যদিকে, কনসার্টে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফুয়াদও। ফলে আন্তর্জাতিক পপসংগীতের পাশাপাশি দেশীয় সংগীত উপভোগের সুযোগ পাবেন দর্শক-শ্রোতারা।
আয়োজকদের তথ্য অনুযায়ী, অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম টিকিফাইতে কনসার্টের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে। এর আগে ২০২২ সালে ঢাকায় এসেছিলেন ওটিলিয়া। চার বছর পর তাঁর এই প্রত্যাবর্তন ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি