প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ২:১১ পিএম

শারীরিক উচ্চতা মাত্র আড়াই ফুট। বয়স ৩৮ বছর। নেই নিজের কোনো দোকানঘর। কুড়িগ্রামের রাজারহাটে বাজারের ফুটপাতে পান-সুপারি বিক্রি করেই জীবিকা নির্বাহের চেষ্টা করছেন গৌতম রায়। নানা শারীরিক সীমাবদ্ধতা ও প্রতিকূলতার মধ্যেও নিজের শ্রম ও আত্মবিশ্বাসে এগিয়ে চলেছেন তিনি।
গৌতম রায় উপজেলার ঠাঁটমারী দিনোবাজার এলাকার বাসিন্দা। তাঁর বাবা পরেশ চন্দ্র। জন্ম থেকেই শারীরিক উচ্চতা স্বাভাবিকের তুলনায় কম হলেও ঘরে বসে থাকেননি তিনি। দিনোবাজারের ফুটপাতের সামান্য জায়গায় পান-সুপারির ব্যবসা শুরু করেছেন। ছেলের সংগ্রাম নিয়ে বাবা পরেশ চন্দ্র বলেন, ‘তাকে নিয়ে একজন বাবা হিসেবে সব সময় চিন্তা হয়। তবে সে নিজের চেষ্টায় ব্যবসা করে জীবিকা নির্বাহ করছে, এটা আমাদের জন্য আনন্দের। সমাজের মানুষ যেন তাকে অবহেলা না করে, বরং ভালোবাসা ও সহযোগিতা করে, এটাই প্রত্যাশা।’
স্থানীয় বাসিন্দাদের মতে, শারীরিক উচ্চতা কম হলেও গৌতমের মনোবল অনেক বড়। তাঁরা তাঁর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। গৌতমের প্রত্যাশা, সামর্থ্যবান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁর ব্যবসার জন্য একটি স্থায়ী দোকানঘরের ব্যবস্থা করতে সহযোগিতা করবেন।
স্বদেশ প্রতিদিন/এস পি