প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:০৮ পিএম

সংগৃহীত ছবি
গাজীপুরের টঙ্গীতে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সাক্ষাৎকার দিতে এসে আটক হয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসী। সামাজিক যোগাযোগমাধ্যমে হকিস্টিক হাতে নিজের ছবি পোস্ট করে আলোচনায় আসা এই নেত্রীকে রোববার সন্ধ্যায় ছাত্রদলের নেত্রীরা শনাক্ত করে পুলিশের কাছে সোপর্দ করেন।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় টঙ্গী বাজার এলাকার সেনা কল্যাণ সংস্থার মার্কেটসংলগ্ন টঙ্গী সমবায় কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে তাকে গাজীপুর মেট্রোপলিটন আদালতে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, তানিয়া আক্তার তাপসী টঙ্গী সমবায় কমপ্লেক্সে ইউএস-বাংলা নামে একটি প্রতিষ্ঠানে চাকরির সাক্ষাৎকার দিতে এসেছিলেন। এ সময় সেখানে উপস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিকা আজাদসহ ছাত্রদলের নেত্রীরা তাকে শনাক্ত করেন।
পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওসি আরও জানান, তানিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে কতটি মামলা রয়েছে, তা যাচাই-বাছাই করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তানিয়া আক্তার তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী। তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন।
এদিকে গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হকিস্টিক হাতে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন তানিয়া। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ও ছাত্র-জনতার বিরুদ্ধে লাঠি হাতে রাজপথে তার অবস্থানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।