প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৪:২৯ পিএম
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা সোমবার (২৩ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি, নারী নির্যাতন, যানজটমুক্ত নান্দাইল গড়ে তোলা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় অংশগ্রহণ করেন নান্দাইল মডেল থানার উপ পরিদর্শক দেবলাল সরকার, রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ মিজানুর রহমান লিটন, পল্লব রায়, হাসনাত মাহমুদ তালহা, নান্দাইল শহীদ স্মৃতি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইনামুল হক, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, আলম ফরাজি সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা। নবযোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, অবৈধ ওষুধের ফার্মেসির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ সময় তিনি আগামী মাসের সভায় কমিটির সকল সদস্যের উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
স্বদেশ প্রতিদিন/এস পি