প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৩:০৩ পিএম

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশই খেলাপি। গত তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। অর্থাৎ ব্যাংক থেকে বিতরণ করা প্রতি ১০০ টাকার মধ্যে প্রায় ৩৪ টাকা আদায় হচ্ছে না।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জুন শেষে খেলাপি ঋণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, মার্চে ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অতীতে ব্যাংক খাতে অনিয়মের মাধ্যমে বিতরণ করা ঋণের প্রকৃত চিত্র আড়াল করা হয়েছিল। পরে এসব ঋণের বড় অংশ খেলাপি হিসেবে শনাক্ত হয়েছে। পাশাপাশি ঋণ শ্রেণিবিন্যাসে আন্তর্জাতিক মান অনুসরণ এবং প্রভাবশালী ঋণগ্রহীতাদের আত্মগোপনে যাওয়ায় পরিস্থিতির অবনতি হয়েছে।
সিপিডির সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুনের মতে, রাজনৈতিক প্রভাব ও সুশাসনের ঘাটতিতে ইচ্ছাকৃত ঋণখেলাপির প্রবণতা বেড়েছে। এতে ব্যাংকে তারল্যসংকট তৈরি হচ্ছে এবং বেসরকারি বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। তাঁর মতে, সাময়িক ছাড় বা পুনঃতফসিল নয়; ব্যাংকের পরিচালনা ও ব্যবস্থাপনায় জবাবদিহি, সুশাসন এবং ঋণ আদায়ে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
স্বদেশ প্রতিদিন/এস পি