প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪:৪০ পিএম

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানি আগামী ২৩ নভেম্বর নির্ধারণ করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আদালত এ আদেশ দেন।
এর আগে বুধবার (১৮ নভেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশ দেন। একই সঙ্গে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশের বৈধতা নিয়ে রুল জারি করেন আদালত। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন।
রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপার ভাষ্য অনুযায়ী, প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার জন্য আবেদন করেছেন। তাঁদের ফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশের কথা রয়েছে। হাইকোর্টের আদেশে ৩১ ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে ইউজিসির সঙ্গে উপাচার্যদের বৈঠকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১ ফেব্রুয়ারির পর আয়োজনের সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের মাধ্যমে শুরু হওয়ার কথা ছিল।
স্বদেশ প্রতিদিন/এস পি