প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৪:০১ পিএম

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের ৭০ নম্বর শিয়ালঘূনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন কারখানা নদীর ভাঙনে বিলীন হয়ে যাওয়ায় খোলা আকাশের নিচে চলছে পাঠদান। ২০২৫ সালে বিদ্যালয়ের মূল ভবন নদীগর্ভে চলে যাওয়ার পর থেকে ইউনিয়ন ভূমি অফিসের নিচের খোলা জায়গায় বেঞ্চ ও ব্ল্যাকবোর্ড বসিয়ে ক্লাস নেওয়া হচ্ছে। বর্তমানে ছয়জন শিক্ষক ও ৬২ জন শিক্ষার্থী নিয়ে চলছে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম। রোদ-বৃষ্টি, ধুলাবালি ও বাইরের শব্দে পাঠদান ব্যাহত হচ্ছে। স্থায়ী শ্রেণিকক্ষ না থাকায় অনেক শিক্ষার্থী দূরের বিদ্যালয়ে চলে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রধান শিক্ষক রাবেয়া সুলতানা বলেন, ‘ভবন হারানোর পর থেকে নানা প্রতিকূলতার মধ্যে পাঠদান চালাতে হচ্ছে। দ্রুত নিরাপদ ও স্থায়ী শ্রেণিকক্ষের ব্যবস্থা করা হলে শিক্ষার্থীদের পড়াশোনায় উপকার হবে।’ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, বিষয়টি তাঁদের নজরে রয়েছে। স্থায়ী বা উপযুক্ত বিকল্প অবকাঠামো নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্যোগ নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল বলেন, শিক্ষার্থীরা যেন শিক্ষা কার্যক্রম থেকে ছিটকে না পড়ে, সে জন্য আপাতত ভূমি অফিসের নিচে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। স্থায়ী ও নিরাপদ সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা চলছে। বিদ্যালয়ের জন্য দ্রুত শ্রেণিকক্ষ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স্বদেশ প্রতিদিন/এস পি