প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:০৫ পিএম

ময়মনসিংহের ভালুকায় জমি নিয়ে বিরোধের জেরে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর ভোররাতে বাড়িতে হামলা চালিয়ে ইউপি সদস্য আনোয়ার হোসেন আকন্দকে ঘর থেকে তুলে নিয়ে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে তাঁর চাচাতো দেবরদের বিরুদ্ধে। এ সময় ঘর থেকে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ সাত লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগীর স্ত্রী মরিয়ম খাতুন।
ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার বগাজান গ্রামের বাসিন্দা মরিয়ম খাতুন গতকাল জমি-সংক্রান্ত বিরোধের বিষয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তাঁর স্বামী ইউপি সদস্য আনোয়ার হোসেন আকন্দের পৈতৃক জমি দখল করে ঘর নির্মাণের চেষ্টা চালাচ্ছেন চাচাতো দেবর আবু সাইদ ও তাঁর লোকজন।
মরিয়ম খাতুনের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর আজ ভোররাতে ফজরের নামাজের জন্য ঘর থেকে বের হওয়ার সময় আবু সাইদ গংরা তাঁর স্বামী আনোয়ার হোসেন আকন্দকে ঘর থেকে তুলে নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় ঘরে থাকা ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ সাত লাখ টাকা নিয়ে যায় বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, তাঁদের চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয় রাকিব মিয়া জানান ভোরে চিৎকারের শব্দ শুনে ঘুম থেকে উঠি পরে এসে দেখি চাচাকে শুয়ায়ে ফেলেছে মারার জন্য আমরা আসার সাথে সাথে চাচারা চলে যায়।
এ ঘটনায় অভিযুক্ত আবু সাইদের বক্তব্য পাওয়া যায়নি।
খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে থানা পুলিশ।
স্বদেশ প্রতিদিন/এস পি