প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫:২৯ পিএম

সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রে ট্রেন থামিয়ে নাইকি ও ক্রোকসের জুতাসহ বিভিন্ন পণ্য চুরির অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। চুরি হওয়া এসব পণ্যের বাজারমূল্য ২ কোটি ২০ লাখ ডলারের (২২ মিলিয়ন ডলার) বেশি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত এক ফেডারেল অভিযোগপত্রে বলা হয়েছে, চক্রটি লস অ্যাঞ্জেলেস ও লং বিচ বন্দরের মাধ্যমে যুক্তরাষ্ট্রে আসা পণ্যবাহী ৩৬টির বেশি ট্রেনকে লক্ষ্যবস্তু করেছিল। এসব ট্রেনে জনপ্রিয় জুতা, বিদ্যুৎচালিত সরঞ্জামসহ বিভিন্ন ভোগ্যপণ্য পরিবহন করা হতো।
অভিযোগ অনুযায়ী, পরিকল্পিত জায়গায় ট্রেনের ব্রেক নষ্ট করে সেটি থামানো হতো। এরপর ট্রেনের বগি থেকে পণ্য নামিয়ে ট্রাকে তোলা হতো। পরে একটি প্রতিষ্ঠানের কাছে এসব চোরাই পণ্য বিক্রি করা হতো, যারা সেগুলো আবার বাজারে বিক্রি করত।
অভিযুক্তরা নিজেদের চুরির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমের দলীয় কথোপকথনে শেয়ার করতেন। তাঁদের বিরুদ্ধে সংঘবদ্ধ চুরি ও আন্তরাজ্য রেলপথে পরিবহন করা পণ্য চুরির অভিযোগ আনা হয়েছে। দোষী প্রমাণিত হলে তাঁদের পাঁচ থেকে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সূত্র: এনবিসি নিউজ