প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৪:০৩ পিএম

নরসিংদীর শিবপুর উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। আজ শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার সাধারচর ইউনিয়নের গারদবাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
স্থানীয় বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযানটি পরিচালনা করেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান।
অভিযানকালে কন্যার পিতার কাছ থেকে এই মর্মে লিখিত মুচলেকা গ্রহণ করা হয় যে, মেয়ের ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তিনি তার বিয়ে দেবেন না এবং ভবিষ্যতে এ ধরনের বাল্যবিবাহের আয়োজন কিংবা সহযোগিতা করবেন না। এ সময় মুচলেকার শর্ত ভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।
প্রশাসন সূত্রে জানানো হয়, বাল্যবিবাহ একটি গুরুতর সামাজিক ব্যাধি, যা কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও স্বাভাবিক বিকাশের পথে বড় অন্তরায়। বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনিক তৎপরতার পাশাপাশি পরিবার ও সমাজের সর্বস্তরের মানুষকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শিবপুর বাল্যবিবাহমুক্ত গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়া এবং এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি