প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৪:১১ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক প্রায় ১২ টার উপজেলার গোড়াই হাইওয়ে থানা সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভ ও গোড়াই ফ্লাইওভার ব্রিজ এলাকায় অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে তাদের তথ্য প্রযুক্তির সহায়তার মাধ্যমে গোড়াই এলাকার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার সিংহরাগী গ্রামের খন্দকার চাতকের ছেলে খন্দকার সিফাত (১৯), একই এলাকার শফিকুর রহমানের ছেলে রিফাত খান, পিতা- খন্দকার চাতক, ঘাটাইল উপজেলার ফুলমালির চালা গ্রামের মো. রেজাউল করিমের ছেলে মো. সাজ্জাদ হোসেন (২১), নির্মল চন্দ্রের ছেলে অমৃত চন্দ্র (২১), ও সুজন চন্দ্র সেতু চৌধুরীর ছেলে প্রশান্ত চন্দ্র (২২)।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়েরের পর টাঙ্গাইলের আদালতে সোপর্দ করেছে মির্জাপুর থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে।
এদিকে এই মামলায় গ্রেপ্তারকৃতদের ঘিরে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। এরমধ্যে রিফাত খান দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বাকি অন্যরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছেন পুলিশ। তবে গ্রেপ্তারকৃতরা স্থানীয় কেউই নন। পার্শ্ববর্তী উপজেলা থেকে মির্জাপুর এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাদের কথায় এই নাশকতামূলক কর্মকাণ্ডে অংশ নেন তারা।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সাংবাদিককে জানান, মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার কয়েকটি স্থান থেকে তাদেরকে আটক করা হয়। ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি