প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৩:৫৫ পিএম

বিয়ের পর স্বামীর পরিবারের সঙ্গে একই বাড়িতে থাকা বাংলাদেশের সমাজে দীর্ঘদিনের প্রচলিত রীতি। তবে বিয়ের পর আলাদা বাসায় সংসার শুরু করতে চাইলেই অনেক সময় নানা প্রশ্ন ও সমালোচনার মুখে পড়তে হয় দম্পতিদের। বাস্তবে যৌথ পরিবারে থাকার যেমন সুবিধা রয়েছে, তেমনি আলাদা সংসারেও পাওয়া যায় ব্যক্তিগত স্বাধীনতা, গোপনীয়তা ও নিজেদের মতো করে জীবন গড়ার সুযোগ। দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদনে উঠে এসেছে, কোন ব্যবস্থায় দম্পতিরা স্বাচ্ছন্দ্য বোধ করছেন, তা নির্ভর করে তাঁদের পরিস্থিতি ও পারস্পরিক বোঝাপড়ার ওপর।
প্রতিবেদনে ৩৩ বছর বয়সী শাহ মোহাম্মদ আবদুল বাকীর অভিজ্ঞতায় দেখা যায়, বাবা-মায়ের প্রতি ভালোবাসা কমে যাওয়ার কারণে নয়, বরং স্ত্রী ও পরিবারের মধ্যে পারস্পরিক সম্মান বজায় রাখতেই তিনি আলাদা সংসার বেছে নিয়েছেন। তাঁর স্ত্রী একটি বেসরকারি সংস্থায় কাজ করেন এবং প্রয়োজনে ঢাকার বাইরে যেতে হয়। অন্যদিকে, ২৫ বছর বয়সী নাজিফা রহমান শ্বশুরবাড়িতে থাকার অভিজ্ঞতা থেকে দেখেছেন, কর্মজীবী নারীদের ওপর ঘরের কাজ ও রান্নার অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। তবে ২৯ বছর বয়সী জাহিন আখতারের অভিজ্ঞতা ভিন্ন। সন্তান জন্মের পর কাজে ফেরার সময় শ্বশুরবাড়ির সদস্যদের সহায়তা তাঁর জন্য অনেকটা স্বস্তিদায়ক হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যৌথ পরিবারে থাকা বা আলাদা সংসার—কোনোটিই সবার জন্য এককভাবে ভালো সমাধান নয়। কোথাও পরিবারের সদস্যদের সহযোগিতা দম্পতির জীবন সহজ করে, আবার কোথাও ব্যক্তিগত পরিসর ও স্বাধীনতা সম্পর্কের স্বস্তি বাড়ায়। ২২ বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আরহাম খান মনে করেন, বিয়ের পর শুধু নারীকেই স্বামীর পরিবারের সঙ্গে মানিয়ে নিতে হবে—এমন প্রত্যাশা ন্যায্য নয়। শেষ পর্যন্ত কোথায় থাকবেন, সেই সিদ্ধান্ত দম্পতির পারস্পরিক সম্মতি ও বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই নেওয়া উচিত।
স্বদেশ প্রতিদিন/এস পি